মূল পাতালেখক পরিচিতিRSS
সম্পদ রায়ের লেখালেখি
সাহিত্য · সমাজ · সময়  |  আবেগ আর নিদারুণ বাস্তবতার খাতা

দশ টাকার নোট

সুন্দরবনে ঢুকতে বনজীবীদের এখন কিনতে হয় অন্ধকারের ছাড়পত্র: একটি দশ টাকার নোট, যার দাম বিশ হাজার টাকা।

গাবুরার ঘাটে ভোর নামে নোনা জলের মতো ধীরে,
নৌকার গলুইয়ে বসে থাকে একজোড়া ভেজা চোখ,
বুকপকেটে ভাঁজ করা একটা দশ টাকার নোট,
যার গায়ে ছাপা নম্বরই আজ তার বেঁচে থাকার ছাড়পত্র।

বাজারে এই নোটে এক কাপ চা-ও মেলে না ঠিকমতো,
অথচ এই নোট পেতে তাকে গুনতে হয়েছে বিশ হাজার টাকা;
বউয়ের কানের দুল, মেয়ের স্কুলের বেতন,
আর গোয়ালের শেষ গরুটার দড়ি খুলে দিয়ে।

রাষ্ট্রের ছাপাখানা জানে না,
তার কাগজের টাকা কবে থেকে জঙ্গলের পাসপোর্ট হয়ে গেছে;
বন বিভাগের পাস হাতে নিয়েও মানুষ এখন খোঁজে
অস্ত্রধারী অন্ধকারের দেওয়া আরেকটা অদৃশ্য সিলমোহর।

সুন্দরবন, তুমি তো মা ছিলে,
তোমার শ্বাসমূলে মাথা রেখে ঘুমিয়েছে তিন পুরুষ,
মধু দিয়েছ, কাঁকড়া দিয়েছ, দিয়েছ নোনা জলের রুটি;
আজ তোমার গোলপাতার আড়ালে বন্দুকের নল কেন জাগে?

চার রাত ফেরেনি যে মানুষ, তার ঘরে
কুপির আলো কাঁপে ফোনের রিংটোনের মতো;
ওপাশে দর কষাকষি চলে একটি প্রাণের,
এপাশে একটি নারী বিক্রি করে তার শেষ সম্বল, তার ঘুম।

কেউ গোনে টাকা, কেউ গোনে গোন,
জোয়ার-ভাটার হিসাব মেলে, মেলে না ক্ষুধার অঙ্ক;
ঘাটে বাঁধা নৌকাগুলো শুকনো কাঠের কফিন হয়ে
প্রতিদিন একটু একটু করে ডুবে যায় না-যাওয়ার শোকে।

যে প্রশ্নটা নদীর বাতাসে ভেসে বেড়ায়,
তার উত্তর নেই কোনো স্মারকলিপির খামে:
"বনে যাতি না পারলি, খাবো কী?"
এই এক লাইনের কাছে হেরে যায় সমস্ত বাজেটের ভাষণ।

আমি দূর থেকে লিখি, কলমে লাগে নোনা জলের দাগ,
জানি, আমার শব্দেরা কোনো বাহিনীকে ভয় দেখাতে পারে না;
তবু লিখে রাখি, ইতিহাস যেন একদিন পড়তে পারে,
একটি দশ টাকার নোটে কতটা রক্তের দাম লেখা ছিল।